মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মেসের কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে উচ্ছ্বাস কর্মকার নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই-তিনদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মেসে বসবাসরত অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই উচ্ছ্বাসের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

মঙ্গলবার রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সবার সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা-পুলিশের একটি দল দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘‘প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, উচ্ছ্বাস গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি স্পষ্ট হবে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুইদিন আগে উচ্ছ্বাসের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন