ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার চরলক্ষ্মী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র ৩০ মিনিটের আগুনে পুড়ে যায় ওই বাড়ির আব্দুল মুনাফ এবং মৃত আলী হোসেন নামে দুই ভাইয়ের জোড়া বসতঘর। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায়ও রক্ষা হয়নি বসতঘর দু’টি। পুড়ে ছাই হয়ে যায় বসতঘরগুলোর ভেতরে থাকা সব মালামাল। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান- ভুক্তভোগীরা।
ফলে পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই পরিবারগুলোর। এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ঘরমালিক আব্দুল মুনাফ জানান, সকালের দিকে ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই জোড়া বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সবমিলিয়ে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রায় তিন বছর আগে ধারদেনা করে ঘর দু’টো নির্মাণ করা হয়েছে।
এখনও আমাদের প্রায় ৬ লাখ টাকা ঋণ রয়েছে। তাই প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
