তাহিরপুরে বাল্কহেডের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার আশঙ্কা

তাহিরপুরে বাল্কহেডের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার আশঙ্কা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর উপর নির্মিত সেতুর একটি পিলার বাল্কহেডের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গত মঙ্গলবার দুপুরে একটি বাল্কহেড সেতুর ৩ নম্বর স্প্যানের একটি পিলারের সঙ্গে ধাক্কা দিলে পিলারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাহিরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে নদীপথ ব্যবহারকারী সকল বাল্কহেড, হাউজবোট ও অন্যান্য নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সেতুর নিচ দিয়ে যাতায়াতের সময় ধীরগতিতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পিলার দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার কাজ না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বড় বাল্কহেডের ধাক্কায় ব্রিজের ৩নং পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরজমিন পরিদর্শন করেছি এবং নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন