নির্ধারিত সময়ে শেষ হয়নি খাল পুনঃখনন, টাকা ফেরত দিলো প্রশাসন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে ভুনবীর আলিয়াছড়া খাল পুনঃখনন কাজ শেষ না হওয়ায় প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ৩০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ভুনবীর আলিয়াছড়া খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড় বাঁধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপনের পরিকল্পনা ছিল। চলতি বছরের ১৭ই এপ্রিল ভুনবীর ইউনিয়নে প্রকল্পটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

পরদিন ১৮ই এপ্রিল থেকে ২ হাজার ৭৫০ মিটার খাল পুনঃখনন কাজ শুরু হয় এবং ৩০শে জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৬৪০ মিটার খাল পুনঃখনন সম্ভব হয়েছে, যা মোট কাজের ২৩ দশমিক ২৭ শতাংশ। এতে মোট ব্যয় হয়েছে ৫ লাখ টাকা। এর মধ্যে ভ্যাট বাবদ ৫৮ হাজার ৮২৪ টাকা এবং আয়কর বাবদ ২৯ হাজার ৪১২ টাকা ব্যয় হয়। এ ছাড়া শ্রমিক মজুরি, এক্সাভেটর ব্যবহার, পরিবহন ও ঝোপঝাড় পরিষ্কারে বাকি অর্থ খরচ করা হয়। অবশিষ্ট ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ৩০১ টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় কৃষকদের মতে, খালটি সম্পূর্ণ পুনঃখনন করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে প্রায় চার হাজার একর জমি পুনরায় চাষাবাদের আওতায় আসতে পারতো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। সম্পন্ন কাজের জন্য ভ্যাট-ট্যাক্সসহ ৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে এবং অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অব্যবহৃত অর্থ ফেরত দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প শুষ্ক মৌসুমে গ্রহণ ও বাস্তবায়নে আরও পরিকল্পিত পদক্ষেপ নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন