টেকনাফে জান্তা বাহিনীর ৩ সদস্য আটক করে পুলিশের কাছে হস্তান্তর

ফন্ট সাইজ:

কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে আরাকান আর্মির জিম্মিদশা থেকে পালিয়ে আসা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। যাদের মধ্যে মিয়ানমার পুলিশের দুইজন এবং সেনাবাহিনীর এক সদস্য রয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার সরকারি বাহিনীর এ তিন সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।

পালিয়ে আসারা হলোÑ বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। বিজিবি’র বরাতে ওসি সাইফুল ইসলাম বলেন, সোমবার বেলা ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদ সীমান্ত দিয়ে মিয়ানমার সরকারি বাহিনীর ৩ সদস্য পানির জারের সাহায্যে সাঁতরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বলে স্বীকারোক্তি দেয়। এদের মধ্যে দুইজন পুলিশের এবং একজন সেনাবাহিনীর সদস্য।

তারা গত ২ বছর ধরে বিদ্রোহী আরাকান আর্মির হাতে আটকের পর থেকে স্থানীয় কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি অবস্থায় ছিল। পরে বিশেষ কৌশলে আটকরা ক্যাম্পটি থেকে বের হয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে। জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে বিজিবি’র সদস্যরা আটক মিয়ানমার সরকারি বাহিনীর এ তিন সদস্যকে থানায় হস্তান্তর করেছে বলে জানান ওসি। ওসি সাইফুল ইসলাম আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন