মহম্মদপুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মৌশা গ্রামের আমিনুর রহমানের দুই বছর বয়সী কন্যা রাইসা এবং তার আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছর বয়সী কন্যা রাফিয়া। একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডা. সাকিব কাওসার মানবজমিনকে বলেন, ‘শিশু দু’টিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে।’ একই পরিবারের দুই ভাইয়ের দু’টি নিষ্পাপ সন্তানের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি জানার পর মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি শোকার্ত পরিবারের খোঁজ-খবর নিতে ওই বাড়িতে যান এবং শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া ওই পরিবার দু’টিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন