লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার বুধিরামপুর গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে ২২টি গরুকে এলএসডি প্রতিরোধী টিকা ও ১১০টি ছাগলকে পিপিআর (চচজ) প্রতিরোধী টিকা দেওয়া হয়।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট ডা. মো. মোখলেসুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় খামারিদের মধ্যে বিনামূল্যে গরু ও ছাগলের কৃমিনাশক ওষুধ বিতরণের পাশাপাশি এলএসডি ও ক্ষুরারোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মকর্তারা খামারিদের নিয়মিত টিকাদান, খামারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে দ্রুত আলাদা রাখার পরামর্শ দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে লালপুর উপজেলায় প্রায় ২০ হাজার গরু এলএসডিতে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৪০টি গরু মারা গেছে। রোগের বিস্তার রোধে এটি একটি বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারি উদ্যোগে সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে আরও ২৫ হাজার গরুকে এলএসডি প্রতিরোধী টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী জানান, সময়মতো টিকাদান ও খামারিদের সচেতনতা বৃদ্ধি করা গেলে এলএসডির সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন সেবা গ্রহীতারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন