গাজীপুরে এক অতিরিক্ত ডিআইজি’র বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি জবরদখল ও নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ তুলে এবং পরিবারের লোকজনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার সকালে জেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এর আগে সেখানকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন স্থানীয় গোসাত্রা গ্রামের আফজাল হোসেন। তিনি জানান, ৪৩ বছর আগে কালিয়াকৈর উপজেলার চান্দরা মৌজায় জমি ক্রয় করে মার্কেট নির্মাণসহ নানাভাবে তারা দখলে আছেন।
কিন্তু পাশের গ্রামের বাসিন্দা পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন ভিন্ন দাগের জমি লিজ নিয়ে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে তাদের বৈধ মালিকানাধীন জমি ও মার্কেট জবরদখল করেন। এতে বাধা দিলে গুম, খুনসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। এতে আফাজ উদ্দিনের চারজন মেয়েকেও স্কুল- কলেজে পাঠাতে পারছেন না। এছাড়া ওই জমির বিষয়ে আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। নানা ধরনের হুমকির প্রেক্ষিতে পরিবারের সবাইকে নিয়ে নিরাপত্তাহীনতায় অসহায় অবস্থায় জীবন যাপন করছেন।
এ অবস্থায় তিনি সহায়-সম্পদ ও জান-মাল রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফাজউদ্দিন, তার পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে ডিআইজি জাকির হোসেন গণমাধ্যমকে জানান, আইনানুগ ভাবে সরকারের কাছ থেকে লিজ নিয়ে তিনি ওই জমি রক্ষণাবেক্ষণ ও ভোগদখলে আছেন। তিনি কাউকে কোনো ধরনের হুমকির দেননি।
