কেরানীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলী (৪৬)কে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল দুপুরে রাজেন্দ্রপুর র‌্যাব-১০ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর ল-অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। গ্রেপ্তারকৃতরা হলো- মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা (৪০) ওরফে কুত্তা জুয়েল, মো. রাকিব হাওলাদার (২৬) ও মো. অপু মীর (৩৫)। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সোনালী সেন আরও জানান, গত ১৯শে জুলাই ওই অটোরিকশাচালক তার রিকশা নিয়ে বিকাল সাড়ে ৫টায় গোলামবাজার থেকে কোনাখোলা হয়ে ধর্মশুর এলাকায় আসে। এ সময় অপহরণকারীরা রিকশার গতিরোধ করে তাকে মারধর করে কান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে অপহরণকারীদের কাছে ৩৯ হাজার টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু তাতেও অপহরণকারীরা মুক্তি না দিয়ে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে র‌্যাব-১০ এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২০শে জুলাই দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন