নড়াইলে জান্নাতুল খাতুন নামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশ, জেলা হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের মফিজুর তার মেয়ে জান্নাতুলকে বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেয়। কিন্তু দীর্ঘ সময় পর সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে সন্দেহবশত তারা প্রতিবেশী আতিয়ারের ছেলে রবিউলের ঘরে যায়। এ সময় রবিউলের ঘরে গিয়ে তারা ঘরের মেঝেতে জান্নাতুলকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই শিশুর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রতিবেশী রবিউলের এমন জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা অপরাধী রবিউলের দ্রুত গ্রেপ্তার ও কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামির গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নেমেছে।
নড়াইলে শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
২২ জুলাই (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
