চর আতাউরে ৪০০ ভূমিহীন কৃষকদের চাষাবাদে মহিষ মালিকদের বাধাকে ঘিরে চরম ক্ষোভ ও উত্তেজনা চলছে। নোয়াখালীতে ১০০১ একর ভূমি দখলকে ঘিরে ভূমিহীন পরিবারে প্রশাসনের ভূমিকা রহস্যজনক থাকায় ক্ষোভ অসন্তোষে দানা বেধে উঠেছে অসহায় কৃষকদের মাঝে।
ভুক্তভোগীরা জানায়, হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউর মোজার ১ হাজার একর ভূমিহীনদের চাষাবাদের জায়গায় বাহার, রাশেদ, হাছান ও সোলাইমানরা জোরপূর্বক মহিষ ছেড়ে দিয়ে ফসলের জমি নষ্ট করছে। তারা বিভিন্নভাবে, চাষিদের অমানবিক নির্যাতন ও হুমকি প্রদান করছে। ওই ভূমিদস্যুরা তাদের ধারালো অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। ভূমিহীন মো. মোস্তফা জানায়, একটি বিশেষ মুখ চেনা রাজনীতিক দলের ভূমিদস্যু সন্ত্রাসীদের ভয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন অতিবাহিত করছি। এতে ৪০০ ভূমিহীন পরিবার স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছি না। আমাদের ৪শ’ পরিবারকে উচ্ছেদ করতে তারা বল প্রয়োগের মাধ্যমে গোচারণ ভূমিতে মহিষ ছেড়ে দিয়ে চাষাবাদের বিঘ্ন ঘটায়। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা ও জীবন-জীবিকা রক্ষায় নিরাপদ চাষাবাদ নিশ্চিত করার আশু হস্তক্ষেপ কামনা করেন কৃষক জামাল উদ্দিন।
স্থানীয় থানার ওসি কবির হোসেন মানবজমিনকে জানান, চর আতাউরে আশ্রয়ণ প্রকল্পের বাইরে যাদের নামে নথি দেয়া হয়েছে, তার বাইরে যারা ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং নেপথ্যে প্রভাবশালীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ে প্রতিবেদন দাখিল করেছি। হাতিয়া উপজেলার ইউএনও ইকবাল রাসেল মানবজমিনকে বলেন, এ ঘটনা নিয়ে কাজ করছি, এসিল্যান্ড তহশিলদার ও সার্ভেয়ারকে নিয়ে মিটিং করেছি। এ নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে থাকায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কা রয়েছে।
