আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টাকারী হেলপার গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকার আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর গত সোমবার রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকরি নিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস জব্দসহ ও চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ই জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক। বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরও দ্রুতগতিতে বাস চালাতে থাকে। ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিল। একপর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নীচে পরে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন