ধনু নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার নুরালিপুর গ্রাম। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা। ইতিমধ্যে গ্রামের একমাত্র মসজিদ, ৬টি ভিটেবাড়ি এবং স্কুলে যাওয়ার রাস্তাও নদীতে হারিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুই শতাধিক পরিবারের বাসিন্দারা। স্থানীয়রা জানান, অতীতে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা হলেও তা টেকেনি। তাই অস্থায়ী ব্যবস্থা নয়, ধনু নদীর তীরে দ্রুত একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি তাদের। ক্ষতিগ্রস্ত রাজা মিয়া বলেন, চোখের সামনে আমার বসতঘর নদীতে চলে গেছে। বহু কষ্টে অন্য জায়গায় একটি ছোট ঘর তুলেছি। স্থায়ীভাবে ভাঙন রোধ না হলে আবারো সব হারানোর আশঙ্কায় আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, আমি এখন নুরালিপুরেই আছি। গ্রামের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ধনুর ভাঙনে অস্তিত্ব সংকটে খালিয়াজুড়ির নুরালিপুর
নেত্রকোণা প্রতিনিধি
২২ জুলাই (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
