সাঙ্গুর তীব্র স্রোতে বাঁধের ব্লক ধসে ভাঙন, হুমকিতে হাজারো মানুষ

সাঙ্গুর তীব্র স্রোতে বাঁধের ব্লক ধসে ভাঙন, হুমকিতে হাজারো মানুষ

ফন্ট সাইজ:

টানা ভারী বর্ষণে সৃষ্ট প্রবল স্রোতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের সাঙ্গু নদীর তীররক্ষা বাঁধের ব্লক ধসে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া রাস্তার মাথা থেকে ফকিরহাট রাস্তার মাথা পর্যন্ত নদীতীরের বিভিন্ন স্থানে ব্লক সরে গিয়ে ভাঙন শুরু হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ক’দিনের টানা বৃষ্টি ও সাঙ্গু নদীর তীব্র স্রোতের কারণে নদীতীর রক্ষা বাঁধের ব্লক সরে গিয়ে ধসে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে হাইলধর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর দাবি, এ ভাঙনের কারণে অন্তত দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন সাঙ্গু নদীতীরবর্তী কৃষকরা। কারণ, এ অঞ্চল আনোয়ারার অন্যতম সবজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত।

নদীভাঙন বিস্তৃত হলে শত শত একর আবাদি জমি, সবজিক্ষেত, বসতবাড়ি এবং স্থানীয় সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়বে। স্থানীয় বাসিন্দা বখতিয়ার হোসেন বলেন, নদীতীরের ব্লক ধসে পড়ার বিষয়টি দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তিনি অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা নেয়া না হলে জনপদ, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন