লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত ক-শ্রেণির খাসভুক্ত একটি পুকুর জবরদখলের উৎসবে পরিণত হয়েছে। স্থানীয় কয়েকটি মহল পানি সেঁচে পুকুরটিতে পাকা ইমারত নির্মাণের মাধ্যমে ওই উৎসবে মেতে রয়েছে। সৃষ্ট ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না জবরদখলের লীলা। এ নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষের সৃষ্টি হয়েছে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন ভূমি তহসিল অফিস সূত্র জানায়, দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ক-শ্রেণির খাসভুক্ত দু’টি পুকুর রয়েছে। প্রতি মৌসুমে লিজ প্রদানের মাধ্যমে রাজস্ব আয় হয়।
কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে পুকুর দু’টির পাড় দখল করে এলাকার প্রভাবশালী মহল পাকা ব্যবসা প্রতিষ্ঠানসহ ইমারত নির্মাণ করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় মহলটি বাজারের মধ্যে পুকুরটি পানি সেঁচে পাকা ইমারত নির্মাণকাজ শুরু করে। ইউনিয়ন তহশিলদার মো. জহিরুল ইসলাম জানান, এমন জবরদখল কাজে রয়েছেন অনেকেই। তারা মারমুখী খাকায় তাদের জবরদখল কাজের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউই।
পুকুরের লিজ গ্রহীতা ইব্রাহীম মিঝি জানান, চারপাশ এমনভাবে দখল হয়েছে যে পুকুরগুলোতে যাতায়াতের রাস্তা এখন আর নেই। এ নিয়ে জসিম পাল নামের একজন জানান, কাজ শুরু করেছি। এখন বন্ধ রয়েছে। ইউএনও অনুমতি দেবেন আশা রাখি। তারপর আবার কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, সরকারি পুকুর কিংবা সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। দল্টায় পুকুর জবরদখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
