নির্বাচনী প্রচারণায় তারকারা

নির্বাচনী প্রচারণায় তারকারা

ফন্ট সাইজ:

এবারের নির্বাচনে কোনো শোবিজ তারকাকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়নি। যদিও বেশ ক’জন তারকাই ছিলেন প্রার্থিতা পাওয়ার আলোচনায়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার কোনো সংগীতশিল্পী কিংবা অভিনয়শিল্পীকেই মনোনয়ন দেয়নি। তবে নির্বাচনের প্রচারণায় অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের প্রথম সারির বেশ ক’জন তারকাকে। এরইমধ্যে নির্বাচনী প্রচারণায় দেখা মিলেছে তাদের। এই তালিকায় রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, সোহেল মেহেদী প্রমুখ। এর বাইরে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইথুন বাবু, অভিনয় তারকা শাহেদ শরীফ খান, শিবা শানু, রিনা খান ও চিত্রনায়িকা সুবাহকে। এর মধ্যে বিএনপি’র প্রচারণায় সবচেয়ে বেশি যার দেখা মিলছে তিনি হলেন কণ্ঠশিল্পী মনির খান। ঢাকা ও তার বাইরের অনেক অঞ্চলে দলের প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি বর্তমানে তিনি অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর প্রচারণায়। গত ক’দিন ধরেই এই প্রচারণায় নিয়মিত নেতৃত্ব দিয়েছেন তিনি। সঙ্গে আরও ছিলেন- রবি চৌধুরী, শওকত আলী ইমন, রিনা খান, সুবাহ প্রমুখ। মনির খানের সঙ্গে ঠাকুরগাঁওয়ে প্রচারণায় অংশ নিয়েছেন রবি চৌধুরী। মনির খান ও রবি চৌধুরী সামাজিক মাধ্যমেও বিএনপি’র প্রচারণামূলক পোস্ট করছেন নিয়মিত। অন্যদিকে কণ্ঠতারকা বেবী নাজনীনও বিএনপি’র প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সবশেষ তাকে দেখা গেছে তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকায় মিছিল ও সমাবেশে অংশ নিতে। অন্যদিকে, আরেক সংগীত তারকা আসিফ আকবর সামাজিক মাধ্যমে বিএনপি’র পক্ষে অনেক আগে থেকেই ভোট চাইছেন। পাশাপাশি ফরিদপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন আসনের প্রচারণায় সরব দেখা গেছে তাকে। তার সঙ্গে আরও অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী সোহেল মেহেদী। ইথুন বাবুকে বিভিন্ন প্রচারণায় অংশ নিয়ে সংগীত পরিবেশন করতেও দেখা গেছে। কণ্ঠশিল্পী কনকচাঁপাকে সরাসরি প্রচারণায় কম দেখা গেলেও তিনি সামাজিক মাধ্যমে ভোট চেয়েছেন বিএনপি’র জন্য। কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন এরইমধ্যে ঢাকা-১৭ সহ বিএনপি’র নানা প্রচারণায় অংশ নিচ্ছেন। কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সিকে সরাসরি প্রচারণায় এখন পর্যন্ত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বিএনপি’র পক্ষে নানা পোস্টে ভোট চেয়েছেন তিনি। এমনকি বিএনপিকে নিয়ে করা একাধিক গানেও দেখা মিলেছে তার। এদিকে, ঢাকা-১০, ঢাকা-১৩ এবং কিশোরগঞ্জ-৪ আসনের প্রচারণায় অংশ নিয়েছেন অভিনেতা শাহেদ শরীফ খান। এর বাইরে দলটির প্রচারণায় অংশ নিচ্ছেন- কণ্ঠশিল্পী আলম আরা মিনু, পলাশ, স্বীকৃতি, মুহিন খান, চিত্রনায়িকা সিমলা প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন