বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছিল আজ থেকে দেড় দশকেরও বেশি সময় আগে। সেই সময় আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছিলেন সেই সময় ক্ষুদে গান রাজের শিল্পী পড়শী। বহু বছর পর আবারো নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি করা হয়েছে। তবে এবার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ২০২৫ সালের নতুন কুঁড়ির আধুনিক গানে চ্যাম্পিয়ন হওয়া রোদসী।
গানটি রাজীব আহমেদের লেখা এবং সুর সংগীতায়োজন পল্লব স্যানালের। আজ রোদসীর জন্মদিনে ‘আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। নতুন করে গানটি সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। ভিডিও করেছেন ইয়ামিন ইলান। আসিফ আকবর বলেন, এটি একটি মাইলস্টোন গান। ২০০৯ সালে যে ট্র্যাজেডি ঘটে যায় রাজধানীর পিলখানায়, সেখানে আমাদের ৫৭ জন অফিসার শহীদ হন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এই গানটি করেছিলাম। ১৭ বছর আগে গানটি যখন করি তখন আসলে বৈরী সময় ছিল। ১৭ বছর পর এসে মনে হচ্ছে যে, গানটা নতুন করে করা প্রয়োজন। তখন আমি ইথুন বাবু ভাইকে ফোন করে রোদসীর সন্ধান পাই। রোদসীর কণ্ঠে গানটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। রোদসী বলেন, আমার আসলে খুশির চেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। ইথুন বাবু স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার নামটি বলার জন্য আর আসিফ আকবর স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাকে এই গানের সঙ্গে যুক্ত করার জন্য।
