ট্রেনে নিখোঁজ হন আসামের ২০ বছর বয়সী এক তরুণী নৃত্যশিল্পী। একটি নাচের দলের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ফিরছিলেন তিনি। তবে স্বাভাবিকভাবে ফিরতে পারেননি তিনি। ফিরেছেন লাশ হয়ে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মালয়াপুরম এলাকার বনাঞ্চলের রেললাইনের পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে পরিবারের কাছে পাঠানো শেষ বার্তায় তিনি জানিয়েছিলেন, ট্রেনের কামরায় উপচে পড়া ভিড় এবং চারপাশে বহু পুরুষ থাকায় তিনি মারাত্মক ভয় পাচ্ছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
নিহত তরুণী আসামের কামরূপ জেলার বাসিন্দা এবং গুয়াহাটির বি বরুয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে নাচের দলের সঙ্গে তিনি বিশাখাপত্তনমে এসেছিলেন। আগামী ১০ই অক্টোবর গুয়াহাটিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় তিনি একাই আগেভাগে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ট্রেনে ওঠার পর থেকেই তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
স্বজনদের অভিযোগ অনুযায়ী, ট্রেনের বগিতে প্রচণ্ড ভিড়ের কথা জানিয়ে তিনি মেসেজে লিখেন, ‘আমার চারপাশে অনেক পুরুষ মানুষ, খুব ভয় করছে।’ এরপর ৬ই অক্টোবর ভোরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে রেলওয়ে পুলিশ ও হেল্পলাইনে অভিযোগ দায়েরের পর তল্লাশি শুরু হয়। পরে ট্রেনের ‘এস-টু’ বগি থেকে তার ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পরই শ্রীকাকুলামের নির্জন রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তরুণীটি চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মারা গেছেন, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা সহিংসতার বিষয় রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এছাড়া ট্রেনে ওঠার আগে বিশাখাপত্তনম স্টেশনের সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
