পরাজয়ের ক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, রণক্ষেত্র রাজধানী

পরাজয়ের ক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, রণক্ষেত্র রাজধানী

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী বুয়েনস আইরেসসহ একাধিক স্থানে বিক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে দেশটির পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর হাজারো সমর্থক বুয়েনস আইরেসের কেন্দ্রস্থলের জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ক এলাকায় জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
অভিযোগ, বিক্ষুব্ধ সমর্থকেরা পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। এর জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

ইতিমধ্যে দেশটিতে পুলিশ ও ফুটপ্রেমীদের মধ্যে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, এক দাঙ্গা পুলিশ একজন সমর্থকের মাথায় লাথি মারছেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ছে সমর্থকরা।

প্রায় ১৫ মিনিট ধরে দেশটির রাজধানীতে তুমুল সংঘর্ষ চলে বলে একাধিক মিডিয়া নিশ্চিত করেছে।
এর আগে স্পেনের কাছে পরাজয়ের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার প্রতিপক্ষের খেলোয়াড়দের ঘুষি, লাথি ও ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় নিউ জার্সিতে স্পেনের খেলোয়াড়দের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ানো নিয়েও আর্জেন্টিনা দলের ক্রীড়াসুলভ আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এদিকে ফাইনালে পরাজয় সত্ত্বেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে দেশটিতে জাতীয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে ছুটির দিনটি কবে হবে, সে সিদ্ধান্ত খেলোয়াড় ও কোচিং স্টাফের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

কুসংস্কারের কারণে মিলে নিজে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাননি। তার বিশ্বাস ছিল, আগের ম্যাচগুলোতে মাঠে না গিয়ে দল জিতেছে, তাই ফাইনালেও উপস্থিত হলে দুর্ভাগ্য বয়ে আনতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে জানাচ্ছি- খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিনটি উদযাপনের জন্য নির্ধারণ করবেন, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

পরাজয়ের পরও খেলোয়াড়দের প্রশংসায় স্কালোনি
হৃদয়ভাঙা পরাজয়ের পরও দলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বলেন, এই মুহূর্তে অবশ্যই দুঃখ লাগছে। তবে তার চেয়েও বেশি অনুভব করছি এই ছেলেদের প্রতি চিরকৃতজ্ঞতা। ফাইনাল পর্যন্ত পৌঁছাতে অসাধারণ পরিশ্রম করতে হয়েছে। জয়ের সময় যেমন আমরা মর্যাদা বজায় রেখেছি, পরাজয়ের সময়ও তেমনটাই রাখতে হবে। আমরা কী অর্জন করেছি, সেটি মনে রাখতে হবে। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন