ময়মনসিংহে রাতের আঁধারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফন্ট সাইজ:

ময়মনসিংহের সদর উপজেলায় চালক রাজিব ইসলাম (২৫)কে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। রাজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার আড়াই বছর বয়সী নাফিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাত ১১টার দিকে ছিনতাইকারীরা রাজিবের অটোরিকশা ভাড়া করে।

ছিনতাইকারীরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। এ সময় তাদের পেছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারী চক্র রাজিবকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জঙ্গলে তার মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজিবের অটোরিকশা ছিনতাইকারী চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন