কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এই কলহের জের ধরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পরে কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেন অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করেন। তিনি জানান, এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
