দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই: আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশে কোনো আইনের শাসন ছিল না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। রোববার বিকালে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতির হলরুমে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। তিনি আরও বলেন, দেশে ৪৫ লাখেরও বেশি মামলা অমীমাংসিত রয়েছে।

এসব মামলার সুষ্ঠু সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। দেশের আইনজীবীদের দক্ষতা বাড়াতে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, এডভোকেট আহমেদ হোসেন প্রমুখ। পরে আইনমন্ত্রী সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে গরিব, দুস্থ, অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন