জামালপুরের মেলান্দহে ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন মাহমুদপুর ইউনিয়নের আগপয়লায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে রওনা দেয়। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহত ৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে একই উপজেলার মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা নামক স্থানে নাজনীন (৬) নামের এক শিশু ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। জানা যায়, নিহত শিশু নাজনীন তার নানির সঙ্গে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক এসে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
