চট্টগ্রামে ট্রাকচালক হানিফ ফকির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

ফন্ট সাইজ:

কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২)কে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহত হানিফ ফকিরের স্ত্রী, দুই শিশুসন্তানসহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় আবু হানিফের ঘাতক হেলপার বিপ্লব কুমার মণ্ডলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান পরিবার ও শ্রমিক নেতারা।

জানা গেছে, গত ৯ই জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানাধীন বিএসআরএম ফ্যাক্টরির সামনে ট্রাক পার্কিং করে ঘুমাচ্ছিলো চালক আবু হানিফ ফকির। ভোর সাড়ে ৫টার দিকে তারই সহকারী বিপ্লব কুমার মণ্ডল ঘুমন্ত অবস্থায় আবু হানিফকে ছুরিকাঘাত করে। নিশ্চিত মৃত্যু ভেবে পালিয়ে যায় হেলপার বিপ্লব মণ্ডল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর তিনি মারা যান।

অভিযোগ রয়েছে, হত্যার পর বিপ্লব কুমার মণ্ডল নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত হানিফ ফকিরের বড় ভাই বেল্লাল ফকির বাদী হয়ে আকবর শাহ থানায় হেলপার বিপ্লব কুমার মণ্ডল (১৯)কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর গত সপ্তাহ পেরিয়ে গেলেও ঘাতক বিপ্লবকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে শ্রমিক নেতারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে। মহিপুর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদার বলেন, এই পরিবারটি এখন অসহায় ও নিঃস্ব। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, খুনিকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। আলীপুর-কুয়াকাটা শ্রমিক কল্যাণ কর্ম সেবা সংস্থার সভাপতি খলিল মুসুল্লি বলেন, খুনি বিপ্লব মণ্ডলকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি নিহতের স্ত্রী ও সন্তানের প্রতি সরকারের বিশেষ সহানুভূতি কামনা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন