টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সাম্প্রতিক বন্যায় রাঙ্গামাটি জেলার মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ১০ উপজেলার ২৯টি ইউনিয়নের ২২৩টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৯৭ দশমিক ৬৭ হেক্টর পুকুর, ক্রিক ও জলাশয় প্লাবিত হয়ে ৮৯ টন ফিন ফিশ এবং প্রায় ২২ লাখ মাছের পোনা ভেসে গেছে বা নষ্ট হয়েছে। রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত সাম্প্রতিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মাছের বাজারমূল্য ১৮৮ দশমিক ১০ লাখ টাকা, প্রায় ২২ লাখ পোনার ক্ষতি ১০০ দশমিক ৭৫ লাখ টাকা এবং বিভিন্ন মৎস্য অবকাঠামোর ক্ষতি ১০৫ দশমিক ৪৭ লাখ টাকা। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৪ দশমিক ৩২ লাখ টাকা।
জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। উপজেলার ১০টি ইউনিয়নের ৮১টি মৎস্য খামার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৪৩ দশমিক ৮৭ হেক্টর জলাশন প্লাবিত হয়ে ৬২ দশমিক ৪৫ টন মাছ এবং ১৬ দশমিক ২৭ লাখ মাছের পোনা নষ্ট হয়েছে। উপজেলাটিতে মোট ক্ষতির পরিমাণ ২৫৫ দশমিক ৩১ লাখ টাকা।
জুরাছড়ি উপজেলার ২৪টি খামারে ক্ষতি ৬৬.৪২ লাখ টাকা, কাউখালী উপজেলার ৩০টি খামারে ২১.৫০ লাখ টাকা, রাজস্থলী উপজেলার ৫৭টি খামারে ১৫.৮৬ লাখ টাকা, কাপ্তাই উপজেলার ৬টি খামারে ১১.৮০ লাখ টাকা, বরকল উপজেলার ১৫টি খামারে ৮.৫০ লাখ টাকা, লংগদু উপজেলার একটি খামারে ৬.৪০ লাখ টাকা, বিলাইছড়ি উপজেলার একটি খামারে ৪.৩০ লাখ টাকা, নানিয়ারচর উপজেলার ৩টি খামারে ২.৫৫ লাখ টাকা, সদর উপজেলার ৬টি খামারে প্রায় ১.৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকার পুকুর, ক্রিক ও জলাশয় প্লাবিত হওয়ায় বিপুল পরিমাণ মাছ ও পোনা ভেসে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খাতের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।
