ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের ভৈরব সেতু (ব্রিজ) এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নওয়াপাড়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার রবিউল আলম খানের স্ত্রী।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা টানা দুইদিন ধরে নদীতে ব্যাপক তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয়রা ভৈরব সেতুর ওপারে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বর্ণার বলে শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন