মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। মাহবুবের রহমান শামীম এই প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই আইনের ধারা ৮২ ক (৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মাহবুবের রহমান শামীম দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় বিএনপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি চট্টগ্রাম বিভাগের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ বিভাগের বিভিন্ন জেলায় দলীয় পুনর্গঠন, আন্দোলন-সংগ্রাম, সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। জানা যায়, আন্দোলন-সংগ্রামে অংশ নেয়ার কারণে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই এজিএস। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং ওই মাসের শেষদিকে জামিনে মুক্তি পান। চট্টগ্রাম বিভাগে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন