নড়াইলে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় যুবক খুন

নড়াইলে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় যুবক খুন

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ পাওয়া গেছে। খুনের শিকার আলিনুর ফকির পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা মাসখানেকের মধ্যে ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু রাজীব ধারের টাকা না দিয়ে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজীব শেখ টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন আমিনুরকে। আমিনুর তার ভাই আলিনুরকে নিয়ে সেখানে হাজির হন। সেখানে রাজীব ও তার সঙ্গে থাকা লোকজন পূর্বপরিকল্পিতভাবে নানা ধরনের আপত্তিকর কথা বলে আলিনুর ও আমিনুরকে অপমান ও উত্তেজিত করতে থাকে। একপর্যায়ে রাজীব পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীদের নিয়ে আলিনুর ও আমিনুরের ওপর হামলা চালায়।

রাজীব ও তার সহযোগীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আলিনুর গুরুতর রক্তাক্ত জখম হয়। মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা আলিনুরের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা আলিনুর ও আমিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. স্মিথ মিয়া তাদের চিকিৎসা দিতে গিয়ে আলিনুরকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। খুনিদের গ্রেপ্তারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন