দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে চাচার বাসায় ভাতিজার ডাকাতি, আটক ৩

ফন্ট সাইজ:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জামা-কাপড় লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ভুক্তভোগীর আপন ভাতিজাই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী।

শনিবার রাত প্রায় ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার, জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘিরচর মুল্লাপাড়া গ্রামের আব্দুল হামিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ছরনাল গ্রামের শাহীন আলম। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। লুট হওয়া একটি সচল মোবাইল ফোনের অবস্থান (লোকেশন) ট্র্যাক করে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, ভুক্তভোগীর আপন ভাতিজাই এই ডাকাতির পরিকল্পনা করেন। তিনি বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে ডাকাত দলের সদস্যদের প্রায় ৫ হাজার টাকার চুক্তিতে ঘটনাস্থলে নিয়ে আসেন। বর্তমানে ওই ভাতিজাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। আইন কার্যক্রম শেষে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন