মির্জাগঞ্জে ভূমিদস্যুদের কারাগারে পাঠানোয় এলাকাবাসীর প্রার্থনা ও র‌্যালি

ফন্ট সাইজ:

মির্জাগঞ্জে কুখ্যাত ভূমিদস্যু খালেক ও মালেক দুই সহোদরকে জেলহাজতে পাঠানোয় আনন্দ র‌্যালি ও প্রার্থনা আয়োজন করে এলাকাবাসী। গত শনিবার বিকালে উপজেলার দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে র‌্যালিটি বের হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচির পরে একইস্থানে বিশেষ প্রর্থনা করে উপস্থিতিরা।

পরে আনন্দে এলাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী মো. রুহুল আমিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করে আমার পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া কোটি টাকা মূল্যের জমি আত্মসাতের চেষ্টা করে ওরা দুই ভাই। ছৈলাবুনিয়া মৌজায় জাল দলিল তৈরি করে ৬ একরের বেশি জমি নিজেদের নামে মিউটেশন ও রেকর্ড করে নেন আবদুল বারেক সিকদার ও আবদুল খালেক সিকদার। এ ঘটনায় গত ৪ঠা মে রুহুল আমিন বাদী হয়ে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বারেক সিকদার ও খালেক সিকদারের নামে মামলা করেন। মামলায় হাজিরা দিতে গেলে গত ১৬ই জুলাই তাদের জেলহাজতে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, এ ঘটনায় সিআইডি’র তদন্তে জালিয়াতির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। আদালত ও সিআইডি সূত্রে জানা যায়, ১৯৬৩ সালের ১৮ই এপ্রিলের কথিত ৮৮৩ নম্বর দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করেন অভিযুক্তরা। তবে তদন্তে দেখা যায়, দলিলের বিভিন্ন অংশে জমির পরিমাণ তিনভাবে উল্লেখ করা হয়েছে। কোথাও ৬ একর ৭৫ শতাংশ, কোথাও ৭ একর ২১ শতাংশ, আবার হিসাব অনুযায়ী দাঁড়ায় ৯ একর ৭১ শতাংশ। এ ছাড়া দলিলে দাতাদের ক্রমিক নম্বর, নাম, স্বাক্ষর ও টিপসইয়েও গুরুতর অসঙ্গতি পাওয়া যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন