বন্যার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দ্রুত শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর জন্য যৌক্তিক বিরতি রেখে নতুন সময়সূচি প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা বোর্ডে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পর অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান থাকায় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি হয়েছে। তারা দ্রুত পরীক্ষা পুনরায় শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর জন্য দুই থেকে তিন দিনের যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি জানান। একইসঙ্গে পরীক্ষার সার্বিক সময়সূচি দ্রুত ঘোষণা করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান। স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বোর্ড সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো শিক্ষার্থী যেন অসুবিধার মধ্যে পরীক্ষা দিতে বাধ্য না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দীর্ঘ সময় পরীক্ষা পিছিয়ে গেলে ফল প্রকাশসহ পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রমও বিলম্বিত হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের গুজবে বিভ্রান্ত না হয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো বোর্ড চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছেন। চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।
