শিশুরা দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে গড়ে উঠছে: রিতা

শিশুরা দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে গড়ে উঠছে: রিতা

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ‘একটি শিশু একটি গাছ।’ সরকারের এই প্রকল্পটিকে নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ একটি শিশু শুধু এদেশের ভবিষ্যতই নয় তারা দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবেও গড়ে উঠছে। রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা আরও বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের খাবার, ব্যাগ, পোশাকসহ সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছে। এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, স্কুলগুলোর প্রতি নজর রাখতে হবে যাতে সেখানে কোনো দলীয়করণ করা না হয়।

সবার সন্তানেরাই বিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে হবে। মন্ত্রী বলেন, আমাদের এই মানিকগঞ্জকে একটি সবুজ অভয়ারণ্য জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, তেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শাজাহান সিরাজসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং মাথায় হাত বুলিয়ে আদর করেন।

পরে মন্ত্রী নবগ্রামে স্থাপিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা জিয়া শিশু পার্কটি নতুনভাবে সংস্কারে আফরোজা খানম রিতার উদ্যোগে স্থানীয়রা কাজ শুরু করেছেন। উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নবগ্রামে একাধিকবার পদার্পণ করেছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন