ফেনীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের জমাটবদ্ধ পানি নিষ্কাশন ও টেকসই ড্রেন নির্মাণের দাবিতে রোববার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় কর্মসূচিতে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমীর ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হান্নান, ইউনিয়ন বিএনপি’র সদস্য শামসুদ্দিন লাবলু ও জামাল একাডেমি’র প্রধান শিক্ষিকা তহুরা শামিম। বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে আর কোনো নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটুসমান পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ও ড্রেন নির্মাণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
