ফাইনালে আর্জেন্টিনাকে প্রকাশ্যে সমর্থন জানালেন নেতানিয়াহু

ফাইনালে আর্জেন্টিনাকে প্রকাশ্যে সমর্থন জানালেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেছেন, শুধু তিনি নন, তার বিশ্বাস ইসরাইলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন।

রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগের দিন ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।

বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি তুলে দেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনান।

ওই বার্তায় মিলেই বলেন, আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেছেন। আমি জেনে খুব আনন্দিত যে আপনি আমার কারণেও আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাচ্ছেন।
এর জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, তুমি একজন প্রকৃত বন্ধু। আমরা তোমার পাশে আছি। বিভিন্ন ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি, আগামীকালও করব। শুভকামনা।

পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আমি এটা গোপন করি না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার বিশ্বাস, ইসরাইলের বেশিরভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা। ভামোস আর্জেন্টিনা!

বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে খেলবে।

আর্জেন্টিনা ও ইসরাইলের বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক গত কয়েক বছরে আরও দৃশ্যমান হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই হাভিয়ের মিলেই ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। সেই রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রতিফলন এবার দেখা গেল বিশ্বকাপ ফাইনালের আগেও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন