১ বছরে রেলে লোকশান ১৮৮৯ কোটি টাকা

১ বছরে রেলে লোকশান ১৮৮৯ কোটি টাকা

ফন্ট সাইজ:

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ১ হাজার ৮৮৯ কোটি টাকা লোকশান হয়েছে। মালামাল পরিবহন খাতে ৮ কোটি ৩৪ লাখ টাকা আয় কমেছে। তবে মোট আয় আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে আয়-ব্যয়ের ব্যবধানও কমেছে। গত ১০ বছর ধরে যাত্রীভাড়া অপরিবর্তিত থাকা সত্ত্বেও আয় বেড়েছে বলে দাবি করেছে রেলওয়ে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে আয়-ব্যায়ের বিষয়টি জানিয়েছে। ইঞ্জিন সংকটের কারণে মালামাল পরিবহন খাতে আয় কমেছে বলে জানিয়েছে রেল।

রেলওয়ে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৮৪৫ কোটি টাকার তুলনায় ২২১ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ মোট পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে ব্যয় ও আয়ের অনুপাত দাঁড়িয়েছে ১.৯১, যা আগের অর্থবছরে ছিল ২.০৯। অর্থাৎ, রেলওয়ের আয়-ব্যয়ের ব্যবধান আগের তুলনায় কমেছে।

রেল বলছে, ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি আয় বেড়েছে যাত্রী পরিবহন খাতে। এ খাতে আগের অর্থবছরের তুলনায় অতিরিক্ত ২৫৬ কোটি টাকা আয় হয়েছে। এছাড়া ভূ-সম্পত্তি খাতে ৩ কোটি টাকা এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা অতিরিক্ত আয় হয়েছে। অন্যদিকে পরিবহন ও বাণিজ্যিক খাতে (ভেন্ডিং লাইসেন্স ও বিবিধ আয়) প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা আয় কমেছে।

রেলওয়ে সূত্রের মতে, প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন ব্যয় পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত হওয়ায় প্রকৃত আর্থিক চিত্র কিছুটা ভিন্নভাবে প্রতিফলিত হয়। পেনশন ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা এবং অপারেটিং রেশিও নেমে আসে ১.৪৩-এ। অর্থাৎ, সে ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় মাত্র ৪৩ শতাংশ বেশি।
রেলওয়ে বলছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় অন্যান্য গণপরিবহনের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্র্নিধারণ করা হলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও কমে আসবে। এ কারণে বাংলাদেশ রেলওয়েকে শুধু লোকসানি প্রতিষ্ঠান হিসেবে মূল্যায়ন করা বাস্তবসম্মত নয় বলেও দাবি রেলের।

Mohammad Harun Rashid

১৩ ঘন্টা আগে

"ওলটপালট করে দে মা লুটেপুটে খাই!" "সরকারী মাল - দরিয়ায় ঢাল্ !" বিআরটিসি বন্ধ করে দেয়া জরুরি! আর রেলকে বেসরকারি/বিদেশি কোম্পানিকে লিজ নিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে বোধকরি!

মন্তব্য করুন