সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী পালিত হয়েছে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ বা সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। রোববার বিকেল সাড়ে ৪টায় শ্যামলী পার্ক মাঠে (আশা টাওয়ারের পেছনে) ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস) অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা সড়কে প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। শুধু সচেতনতা সৃষ্টি নয়, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাদের মতে, প্রতিবছর বাংলাদেশের সড়কে যে পরিমাণ প্রাণহানি ঘটছে, তা নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যেও দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এই বিশাল ব্যবধানই প্রমাণ করে, দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার কতটা জরুরি।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় অন্তত দুই হাজার ৯৪৩ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন। এই পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে একটি পরিবার যেমন অর্থনৈতিক সংকটে পড়ে, তেমনি একজন মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করলে তাঁর নিজের পাশাপাশি পুরো পরিবারকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।
আয়োজকদের মতে, নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত এ দিবস পালনের মূল লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষের নিরাপদে চলাচল ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা, দুর্ঘটনার প্রকৃত তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা ।
