শিক্ষা বিষয়ক পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, অফিস ঘেরাও ও মব সৃষ্টির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং পত্রিকা দুটির সম্পাদক, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
শনিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ‘র দপ্তর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে হামলার উসকানি স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী পরিচয়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের বেআইনিভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের চেষ্টার বিষয়ে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর থেকে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পত্রিকা দুটির কার্যালয় ঘেরাও, মব সৃষ্টি এবং সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিক ও সংবাদকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পত্রিকা দুটির সম্পাদক, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডিআরইউ নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ বা আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি, ভয়ভীতি কিংবা মব সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা বরদাশত করা হবে না।
আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা সম্পাদককে হুমকি, ডিআরইউ’র উদ্বেগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১২ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৮ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
