কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার দুপুরে উপজেলার বাশাইর বাজারসংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওসমান গনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার মৃত আবদুল মতিনের ছেলে।
জানা যায়, শনিবার বিকেলে চলন্ত নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর নিখোঁজ হন ওসমান গনি। এর আগে তাঁর ফুফা বাবুলের দোকানের কর্মচারী মাসুম তাঁকে লাঠি নিয়ে ধাওয়া করেন। দোকানের কর্মচারী মাসুম জানান, ওসমান গনি মানসিক রোগী। তাঁকে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি লাঠি নিয়ে তাঁকে ধাওয়া করেন। পরে ওসমান গনি দৌড়ে গিয়ে একটি নৌকায় ওঠেন এবং সেখান থেকে নদীতে লাফ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে অন্ধকারের কারণে সেদিন অভিযান স্থগিত করা হয়। পরদিন রোববার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। দুপুরের দিকে বাশাইর বাজারসংলগ্ন খেয়াঘাটের কাছ থেকে ওসমান গনির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন বলেন, নিহত ওসমান গনির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।