প্যারিসে স্থায়ী বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ, কেনা হবে নিজস্ব ভবন

ফন্ট সাইজ:

ফ্রান্সে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে প্যারিসে নিজস্ব ভবনে একটি স্থায়ী বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এ স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব ও ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ। একই সঙ্গে ২০২৭ সালে আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী লেখকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা এবং বাংলা সাহিত্যকর্ম সংরক্ষণে ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় প্যারিসের ক্যাফে লুনায় প্যারিস টাইমসের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী এনায়েত উল্লাহ। সঞ্চালনা করেন এমদাদুল হক স্বপন। এতে সাংবাদিক, লেখক, স্থানীয় শিল্পী, কমিউনিটি প্রতিনিধি ও সাধারণ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সভায় আলোচনার প্রধান বিষয় ছিল প্যারিসে নিজস্ব ভবন কেনা এবং সেখানে একটি স্থায়ী বাংলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা। ফ্রান্সে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের বাংলা ভাষা শেখানোর পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এ স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। তবে এ উদ্যোগ কোনো একক ব্যক্তির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত সহযোগিতা, অংশগ্রহণ ও আন্তরিক উদ্যোগ প্রয়োজন। তিনি এ উদ্যোগের সঙ্গে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিক, লেখক ও স্থানীয় শিল্পীরা বাংলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতি সমর্থন জানান। লেখকরা তাঁদের মতামত তুলে ধরে এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় শিল্পীরাও প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। উপস্থিত সাংবাদিকরা উদ্যোগটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাস্তবায়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শুরুতে উপস্থিত ছিলেন গার্জ-লে-গোনেসের পৌর কাউন্সিলর তানিয়া তনু এবং সাঁ-দেনির পৌর কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ-নুরুল। বাংলা স্কুল প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্যোগের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন তারা।

বাংলা স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি ২০২৭ সালের আন্তর্জাতিক বাংলা বইমেলাকে আরও বৃহৎ পরিসরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। সম্প্রতি অনুষ্ঠিত প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বাংলা বইমেলার অভিজ্ঞতা পর্যালোচনা করে আগের আয়োজনের সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে আয়োজনটিকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
সভায় পরবর্তী আন্তর্জাতিক বাংলা বইমেলার সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৭ সালের ৩ অক্টোবর নির্ধারণের পরিকল্পনার কথা জানানো হয়। তবে তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি লেখক, কবি, সাহিত্যিক ও প্রকাশকদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ও উদীয়মান লেখকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বইমেলার নিজস্ব লোগো তৈরি, বাংলা বই ও সাহিত্যকর্ম সংরক্ষণে ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি লেখকদের সাহিত্যকর্ম সংরক্ষণ এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
সভায় আলোচনার ভিত্তিতে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে বাংলা স্কুল প্রতিষ্ঠা, নিজস্ব ভবন কেনা এবং ২০২৭ সালের আন্তর্জাতিক বাংলা বইমেলা আয়োজনের বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। প্রস্তাবনা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কাজী এনায়েত উল্লাহ।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি লেখকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।