ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা, বিদায়ের ইঙ্গিত?
ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি।

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা, বিদায়ের ইঙ্গিত?

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির দেয়া ওই পোস্টে এমন কিছু ইঙ্গিত মিলেছে, যা অনেকের কাছেই আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে তার যাত্রা শেষ হওয়ার বার্তা হিসেবে ধরা দিচ্ছে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ওই ম্যাচে দুইটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি। ছবিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও দলের অন্যান্য সদস্যরাও ছিলেন।

ছবির ক্যাপশনে মেসি লিখেন, এত বছরের সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপা নয়, বরং পুরো পথচলা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় পাওয়া। আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলকে একটি পরিবারের মতো গড়ে তুলতে প্রতিদিন যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছেও ফেলতে পারবে না। চলো আর্জেন্টিনা।

মেসির এই বার্তায় দলের প্রতি তার গভীর ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের প্রতিফলন ফুটে উঠেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। একই সঙ্গে এটি সতীর্থদের ওপর চাপ কমানোরও একটি প্রচেষ্টা বলে মনে করছেন অনেকে। কারণ, ফাইনালের ফল যাই হোক না কেন, এই দলের অর্জন ইতিহাসে অমলিন হয়ে থাকবে- এ কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন।

ফুটবল বিশ্লেষকদের আবার অনেকেই মনে করছেন, স্পেনের বিপক্ষে এই ফাইনালই হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। এমনকি এটিই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচও হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। তবে ম্যাচের আগে ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য না করে বর্তমানেই মনোযোগ রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

তিনি বলেন, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ছিল বিশেষ কিছু এবং দেশের মানুষকে আনন্দ দিতে পারা তার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়।
এদিকে বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়েও রয়েছেন মেসি। যদিও গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তবুও মেসির মূল লক্ষ্য ফুটবল উপভোগ করা এবং আর্জেন্টিনাকে আরও একটি ঐতিহাসিক সাফল্য এনে দেয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন