যাত্রীবেশে ভাড়া

ময়মনসিংহে রাতে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফন্ট সাইজ:

ময়মনসিংহের সদর উপজেলায় রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এই ঘটনা ঘটে।

নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম চালককে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১ টার দিকে ছিনতাইকারীরা রাজিবের অটোরিকশা ভাড়া করে। ছিনতাইকারীরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। এসময় তাদের পেছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুজতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।

স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারী চক্র সড়কের পাশে জঙ্গলে রাজিবের মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অটোরিকশাটি ছিনতাইকারী চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন