বিশ্বকাপ শুরুর আগে বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। হলিউডের হার্টথ্রব তারকা টম ক্রুজ দর্শকদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। নিউ জার্সির স্টেডিয়ামে প্রথমে মাঠে নামেন জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। তার সঙ্গে ছিলেন ড্রামার ও রঙিন ট্র্যাকস্যুট পরা নৃত্যশিল্পীরা। এরপর নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং ইতালীয় গায়িকা লরা পাউসিনি যৌথ পরিবেশনা করেন। এছাড়া জনপ্রিয় র্যাপার ও গায়ক পোস্ট ম্যালোন তার জনপ্রিয় গান ‘ওয়াও’ পরিবেশন করেন।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দেখতে ৮০ হাজারের বেশি দর্শক, বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথি এবং তারকারা স্টেডিয়ামে উপস্থিত। খেলা শুরুর আগে লাইভ ব্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বহু পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। পরিবেশনার পর মঞ্চে এসে ফাইনাল ম্যাচের সূচনা ঘোষণা করেন টম ক্রুজ। তিনি বলেন, বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আমরা মহত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের অসংখ্য মুহূর্ত ভাগ করে নিয়েছি। ফুটবল এমন একটি ভাষা, যার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। এটি এমন এক শক্তি, যা মানুষকে একত্রিত করে।
ইতালীয় গায়িকা লরা পাউসিনি বলেন, সমাপনী অনুষ্ঠানে রবি উইলিয়ামস ও নিকোল শেরজিঙ্গারের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত ও গর্বিত। তিনি বলেন, রবি উইলিয়ামস যখন আমাকে তার সঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানান, তখন আমার সারা শরীরে শিহরণ বয়ে যায়। তিনি আমার সবচেয়ে প্রিয় গায়ক, গীতিকার ও পারফরমারদের একজন।
বিরতিতে থাকছে আরও তারকাখচিত আয়োজন
হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা এবং কে-পপ ব্যান্ড বিটিএস। সর্বকালের সর্বাধিক অ্যালবাম বিক্রি করা নারী সংগীতশিল্পীদের একজন ম্যাডোনা সম্প্রতি তার নতুন অ্যালবাম ‘কনফেশন্স টু’ প্রকাশ করেছেন, যা জুলাই মাসে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে উঠে আসে। স্বাস্থ্যগত সমস্যার কারণে বিশ্ব সফর বাতিল করার পর এ বছর কোচেলা সংগীত উৎসবে চার বছরের মধ্যে সবচেয়ে বড় লাইভ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় ফেরেন জাস্টিন বিবার। কলম্বিয়ার পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয় আবারও একই মঞ্চে উঠবেন। গত মাসে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারা একসঙ্গে পারফর্ম করেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ বিশ্বজুড়ে চার্টে সাফল্য পেয়েছে এবং পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন স্টেডিয়ামে বাজানো হয়েছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে তিন বছরের বিরতির পর পুনরায় একত্রিত হওয়া জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসও মঞ্চ মাতাবে। বর্তমানে তারা ৮৫টি কনসার্ট নিয়ে বিশ্ব সফরে রয়েছে।
সুপার বোলের আদলে হাফটাইম শো
ফিফা জানিয়েছে, হাফটাইম বিরতি প্রায় ২০ থেকে ২৫ মিনিট স্থায়ী হবে। এর মধ্যে সুপার বোলের আদলে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান চলবে ১১ মিনিট। এই পরিবেশনার সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড-এর জন্য অর্থ সংগ্রহ করা হবে। বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তার লক্ষ্যে এই তহবিলের জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
