আন্তর্জাতিক তেল চোরাচালান চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানে আরব সাগরে ইরানের সঙ্গেযুক্ত তিনটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ভারতীয় কোস্ট গার্ড। এমনটাই দাবি করেছে ইরানি গণমাধ্যম। শুক্রবার মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে এই অভিযান চালানো হয়।
ভারতীয় কোস্ট গার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, প্রযুক্তিনির্ভর নজরদারি ও ডেটা-প্যাটার্ন বিশ্লেষণের মাধ্যমে জাহাজগুলোকে আটক করা হয়েছে। যদিও তারা সরাসরি ইরানের নাম উল্লেখ করেনি, তবে ট্যাংকার পর্যবেক্ষণকারী বিশ্লেষক সংস্থা ও ইরানি সংবাদমাধ্যমের দাবিÑ জাহাজগুলোর সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে।
ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইরানের চাবাহার বন্দর চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর ভারত ওই প্রকল্পে অংশগ্রহণ প্রত্যাহার করতে বাধ্য হয় বলে গত সপ্তাহে দ্য ইকোনমিক টাইমস জানায়।
কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়, চক্রটি আন্তর্জাতিক জলসীমায় সমুদ্রপথে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে কম দামে তেল সংগ্রহ করছিল এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর প্রাপ্য শুল্ক ফাঁকি দিচ্ছিল।
এদিকে ট্যাংকার-ট্র্যাকিং প্রতিষ্ঠান জানিয়েছে, জব্দ করা জাহাজগুলোর নাম আল জাফজিয়া, আসফালত স্টার, এবং স্টেলার রুবি। সংস্থাটি আরও দাবি করেছে, তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
সূত্র: জিও নিউজ।
