রোমেরোদের দিকে পাল্টা তোপ নেভিলের

রোমেরোদের দিকে পাল্টা তোপ নেভিলের

ফন্ট সাইজ:

ফাইনালের আগেই মাঠের বাইরের উত্তাপ ছড়াচ্ছে ফুটবল বিশ্বে। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর করা ‘স্টুপিড’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইংলিশ কিংবদন্তি ও জনপ্রিয় ফুটবল পণ্ডিত গ্যারি নেভিল। সেমিফাইনালের আগে আর্জেন্টিনার রক্ষণভাগের সমালোচনা করায় রোমেরো ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আশা করি অবসরের পর আমি ওর মতো স্টুপিড হবো না।’ তবে নিজের অবস্থান থেকে এক চুলও নড়েননি নেভিল, বরং আরও আক্রমণাত্মকভাবে পাল্টা জবাব দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার।

আর্জেন্টাইন ডিফেন্ডারের সমালোচনার জবাবে নেভিল পয়েন্ট ধরে ধরে নিজের বিশ্লেষণ পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে দেন যে, লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সই আর্জেন্টিনার রক্ষণের বড় বড় ভুলগুলোকে আড়াল করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এক মন্তব্যে নেভিল বলেন, ‘(ওদের) সামনে যদি লিওনেল মেসি না থাকতো, তবে ওই দুই ডিফেন্ডারের (রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ) উচিত ছিল প্রতিদিন, প্রতি মিনিটে গিয়ে মেসিকে জড়িয়ে ধরা। কারণ, সত্যি বলতে মিশরের বিরুদ্ধে দুই গোল, কেপ ভার্দের বিরুদ্ধে দুই গোল, সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে গোল খাওয়ার পর মেসিই প্রতিবার ওদের বিপদ থেকে উদ্ধার করেছে।’

নেভিল অবশ্য স্পষ্ট করেছেন যে তিনি কখনোই রোমেরোর প্রতিভা নিয়ে প্রশ্ন তোলেননি। তিনি বলেন, ‘আমি এটাও বলেছিলাম ওরা অসাধারণ। ওরা মাঠে এক একটি প্রাকৃতিক শক্তির মতো এবং প্রতিটি ‘ফিফটি-ফিফটি’ বল ওরা জিতে নেয়। তবে ওরা ভুল করে, প্রচুর ভুল করে। ওদের খেলা একই সঙ্গে দুর্দান্ত এবং হাস্যকর।’

নিজের যুক্তির সপক্ষে প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পারের হয়ে রোমেরোর গত মৌসুমের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে নেভিল বলেন, ‘সে এমন এক দলে খেলেছে, যারা রেলিগেশনের কাছাকাছি ছিল এবং ৬৫টি গোল খেয়েছে। তাই একজন খেলোয়াড়কে দেখে মূল্যায়ন করার ক্ষমতা আমার আছে। রোমেরো এখনো তরুণ, অভিজ্ঞ ডিফেন্ডার হয়ে ওঠেনি। মেসি না থাকলে ওদের ভুল নিয়ে আরও অনেক বেশি আলোচনা হতো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন