ঢাকায় প্রথমবার ভিএআর ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকায় প্রথমবার ভিএআর ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

ফন্ট সাইজ:

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসেও সাফ টুর্নামেন্টে এই প্রযুক্তির অভিষেক ঘটলো শনিবার। আর অভিষেক ম্যাচেই দুই দফা ভিএআর হস্তক্ষেপে জমে উঠলো ভারত-ভুটান সেমিফাইনাল। ১৭ মিনিটের ব্যবধানে দুবার রেফারির সিদ্ধান্ত পর্যালোচনা করতে হয় ভিএআরকে। দুইবারই সিদ্ধান্ত ভারতের বিপক্ষে যায়। একবার ভুটানের গোল ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত বদলে গোল বহাল রাখা হয়, অন্যবার পেনাল্টি পেয়েও তা বাতিল হয় ভারতের। তবে শেষ পর্যন্ত ভিএআরের নাটকীয়তা পেছনে ফেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এ নিয়ে ১৫ আসরের মধ্যে ১৪ বারই ফাইনালের কৃতিত্ব তাদের। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যাওয়া ভারত বিরতির পর ভুটানের পাল্টা আক্রমণে চাপে পড়ে। এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিতও দেয় ভুটান। কিন্তু সমতায় ফেরার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারেনি দলটি। ১৮ বছর পর সেমিফাইনালে উঠে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্নও ভেঙে যায় তাদের। এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। অষ্টম মিনিটে নিখিল প্রভুর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিষ্ণু। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক চিংলেনসানা সিং। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভুটান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে ভারতের ডি-বক্সে ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলার মধ্যে শট নেন অভিজ্ঞ ফরোয়ার্ড চেনচো গিয়েলশেন। সেই বল পেয়ে ফাঁকা জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোলের স্বীকৃতি দেন রেফারি। সাফের ইতিহাসে ভিএআরের প্রথম হস্তক্ষেপেই গোলের উল্লাসে মাতে ভুটান। এরপর ৬৫তম মিনিটে আবারও ভিএআরের দ্বারস্থ হতে হয় রেফারিকে। বদলি খেলোয়াড় ইরফান যাদওয়াদের বাঁ প্রান্ত থেকে করা ক্রসে ডি-বক্সে বল হাতে লাগে নিমা ওয়াংদির।

সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভারতের সুহাইল আহমেদ ভাট যখন স্পটকিক নিতে প্রস্তুত, তখন অন-ফিল্ড মনিটরে রিপ্লে দেখার নির্দেশ পান রেফারি। পর্যালোচনা শেষে আগের সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন তিনি। এতে বড় স্বস্তি ফিরে পায় ভুটান। চলতি সাফে ব্যবহার করা হচ্ছে ভিএআর লাইট প্রযুক্তি। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি ম্যাচের ভিডিও ফিড পাঠানো হচ্ছে থাইল্যান্ডের একটি সেন্ট্রাল অপারেশন হাবে। সেখানে দায়িত্বে থাকা ভিডিও ম্যাচ অফিশিয়ালরা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রটোকল অনুসরণ করে ঘটনাগুলো পর্যালোচনা করছেন এবং মাঠের রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় সাফ এই প্রযুক্তি চালু করেছে। এর কারিগরি ও পরিচালনাগত দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। দুই দফা ভিএআর হস্তক্ষেপের পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে ভুটান। এক গোল শোধ করে লড়াইয়ে ফিরে শেষ মুহূর্তে সমতা ফেরানোর দারুণ সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ছোট বক্সে দাঁড়িয়ে উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে পারেননি ভুটানের এক ফরোয়ার্ড। সেই সুযোগ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ বাঁশি বাজান রেফারি। হতাশায় মাঠে শুয়ে পড়েন ভুটানের খেলোয়াড়েরা। অন্যদিকে ফাইনালের টিকিট নিশ্চিত করে উল্লাসে মাতে ভারত।