ভারতের শীর্ষ ১০ মূল্যবান ব্র্যান্ডের তালিকায় আদানি

ভারতের শীর্ষ ১০ মূল্যবান ব্র্যান্ডের তালিকায় আদানি

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো ভারতের শীর্ষ ১০ মূল্যবান ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে আদানি গ্রুপ। একই সঙ্গে এর সহযোগি প্রতিষ্ঠান আদানি পাওয়ার দেশটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ জ্বালানি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্বতন্ত্র ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি প্রকাশিত “ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া ১০০ রিপোর্ট ২০২৬” শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৩তম অবস্থান থেকে এক লাফে ৮ নম্বরে উঠে এসেছে আদানি গ্রুপ। এর মধ্য দিয়ে মাত্র তিন বছরের মধ্যে ভারতের শীর্ষ ১০ ব্র্যান্ডের তালিকায় প্রবেশকারী দ্রুততম প্রতিষ্ঠান হিসেবে রেকর্ড গড়েছে গ্রুপটি।

ব্র্যান্ড ফাইন্যান্সের হিসাবে, আদানি উইলমার ও এর সহযোগী ভোক্তা-কেন্দ্রিক ব্র্যান্ডগুলোর প্রায় ৫০ কোটি ডলার বাদ দিয়ে আদানি গ্রুপের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৮৪৮ কোটি (৮.৪৮ বিলিয়ন) ডলার, যা এক বছর আগে ছিল ৬৪৬ কোটি (৬.৪৬ বিলিয়ন) ডলার। অর্থাৎ, এক বছরে ব্র্যান্ড মূল্য বেড়েছে ৩১.৩ শতাংশ—যা ভারতের শীর্ষ ২০ ব্র্যান্ডের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধির সুবাদে দেশের তৃতীয় সর্বোচ্চ মূল্যবান শিল্পগোষ্ঠী হিসেবে জায়গা করে নিয়েছে আদানি গ্রুপ।

শুধু তা-ই নয়, গত তিন বছরে ভারতের শীর্ষ ২৫ মূল্যবান ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি ১৫ ধাপ এগিয়েছে আদানি গ্রুপ, যা এই তালিকায় সবচেয়ে খাড়া উত্থান হিসেবে চিহ্নিত হয়েছে। গত এক বছরেই গ্রুপের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২০২ কোটি (২.০২ বিলিয়ন) ডলার, যা ২০২২ সালে গ্রুপের সামগ্রিক ব্র্যান্ড মূল্যের চেয়েও বেশি।
জ্বালানি খাতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে আদানি গ্রুপ। প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের ব্র্যান্ড মূল্য ১৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি (১.৮ বিলিয়ন) ডলারে, যা একে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্বালানি ব্র্যান্ডে পরিণত করেছে। এ ছাড়া ভারতের শীর্ষ পাঁচ জ্বালানি ব্র্যান্ডের তালিকায় জায়গা পেয়েছে আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনসও, আর তালিকায় নিজেদের উপস্থিতি আরও দৃঢ় করেছে আদানি টোটাল গ্যাস।

এই র‌্যাঙ্কিং নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্র্যান্ড ফাইন্যান্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স হেই বলেন, ভারতের শীর্ষ ১০ মর্যাদাপূর্ন ব্র্যান্ডের তালিকায় আদানি গ্রুপের অন্তর্ভুক্তি দেশটির প্রবৃদ্ধির যাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি ব্যবসার শক্তিমত্তার প্রতিফলন। অবকাঠামো, লজিস্টিকস ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান উপস্থিতির মাধ্যমে গ্রুপটি এমন একটি শক্তিশালী ব্র্যান্ড পোর্টফোলিও গড়ে তুলেছে, যা দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রাধিকারগুলোকে সহায়তা করছে।
প্রতিবেদনে আদানি গ্রুপের ব্র্যান্ড স্ট্রেংথ ইনডেক্সেও (বিএসআই) উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। গ্রুপের স্কোর ৩.৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪-এ, যার ফলে র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে গ্রুপটি।

“ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া ১০০ রিপোর্ট ২০২৬”-এ ভারতের শীর্ষ ১০০ ব্র্যান্ডের সম্মিলিত মূল্য রেকর্ড ২৫২৮ কোটি (২৫২.৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে, যার পেছনে রয়েছে ডিজিটাল রূপান্তর, উৎপাদন, অবকাঠামো ও উদ্ভাবনে ক্রমাগত বিনিয়োগ। এই প্রেক্ষাপটে অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিকস খাতে ধারাবাহিক সম্প্রসারণের মধ্য দিয়ে বছরের অন্যতম সেরা পারফরমার হিসেবে উঠে এসেছে বলে আদানি গ্রুপের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন