দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভে অংশ নেয়া সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের এইচএসসি পরীক্ষার্থী টি এম বাইজিদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিরূপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত ‘পোলট্রি’ বা ‘ফার্মের মুরগি’ সংক্রান্ত মন্তব্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অপমানজনক। ওই বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
