গুম, জালিয়াতি করে গুলশানের বাড়ি দখলের অভিযোগ: আপিল বিভাগের রায়ে মূল মালিকের জয়

ফন্ট সাইজ:

জালিয়াতি ও বিতর্কিত দলিলের মাধ্যমে গুলশানের একটি বাড়ি দখলের অভিযোগে বহুল আলোচিত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত অগ্রণী ব্যাংকের মাধ্যমে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে সম্পত্তির রেজিস্ট্রি এবং পরবর্তীকালে ওই সম্পত্তির সব ধরনের হস্তান্তর অবৈধ ঘোষণা করেছেন। এর ফলে মূল মালিকের কাছে সম্পত্তি ফিরে যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আহসানুল করিম। গত সোমবার আপিল বিভাগ এ রায় দেন।

মামলার তথ্য অনুযায়ী, গুলশানের একটি বাড়ি বন্ধক রেখে এআরএ জুট ট্রেডিং করপোরেশন অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেয়। ঋণখেলাপি হওয়ার পর সম্পত্তি বিক্রির উদ্যোগ নেয়া হলে প্রতিষ্ঠানটি ব্যাংকের পাওনা পরিশোধ করে সম্পত্তি ছাড়িয়ে নেয়ার আবেদন করে। তবে অভিযোগ ওঠে, একটি ভুয়া সমঝোতা স্মারক (এমওইউ) ব্যবহার করে নজরুল ইসলাম মজুমদারের নামে সম্পত্তি রেজিস্ট্রি করা হয়।

বাদীপক্ষের দাবি, আপিল বিভাগে মামলা চলাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবির খানকে গুম করে মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে তিনি গুম কমিশনে অভিযোগ দেন এবং জোরপূর্বক মামলা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করে রিভিউ আবেদন করেন। আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করে পুনঃশুনানি শেষে তার আপিল মঞ্জুর করেন।

রায়ের পর এডভোকেট আহসানুল করিম বলেন, আদালত সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সম্পত্তির মূল হস্তান্তর এবং পরবর্তী সব নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। ফলে প্রকৃত মালিকের সম্পত্তি ফিরে পেতে আর কোনো আইনি বাধা থাকলো না। তিনি বলেন, এই রায় জালিয়াতি, জবরদস্তি ও গুমের অভিযোগে সম্পত্তি দখলের ঘটনায় একটি গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন