দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে একটি বিশেষ আবেদন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির পরিবর্তে তারা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ‘অল-ব্লু’ বা নীল রঙের জার্সি পরে মাঠে নামতে চায়।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল এ তথ্য জানান। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’ জানা গেছে, লিওনেল স্কালোনির দল ইতিমধ্যেই ফিফার কাছে এই জার্সি পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে। চলতি বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র একবার এই নীল জার্সি পরে মাঠে নামে, যেখানে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় তারা। নকআউট পর্বের ম্যাচগুলোতে জার্সির রঙ নির্ধারণ, দৃশ্যমানতা এবং সম্প্রচার স্বত্বসহ বিভিন্ন দিক বিবেচনা করে ফিফাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আর্জেন্টিনা কেন হঠাৎ নীল জার্সি পরতে চায়, তার কোনো অফিশিয়াল কারণ জানানো হয়নি। তবে ফুটবলপ্রেমীদের ধারণা, এটি তাদের একটি ‘লাকি চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক হতে পারে। কারণ, এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিখ্যাত দুটি জয়ই আসে গাঢ় নীল জার্সি পরে। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে হারিয়ে শেষ চারের টিকিট পায় ইংল্যান্ড। এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ চারে জায়গা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চলতি আসরেও আর্জেন্টিনার ত্রাতা হিসেবে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। অবিশ্বাস্য তথ্য হলো, আন্তর্জাতিক ফুটবলে নিজের দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি।
এই ম্যাচ নিয়ে ইএসপিএন আর্জেন্টিনাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমি যা কিছু দেখেছি বা জানি, তা মূলত বিভিন্ন ভিডিও এবং ছবি থেকে, যা আর্জেন্টাইনরা প্রতিনিয়ত দেখে ও পুনরুজ্জীবিত করে। তবে আমার মনে হয়, এই দলটি প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে স্বাভাবিক ফুটবল খেলতেই অভ্যস্ত।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা বিশেষ, কারণ ওরা ফুটবলের অন্যতম পরাশক্তি। ব্যক্তিগতভাবে আমি এবারই প্রথম ওদের মুখোমুখি হব। ইংল্যান্ড ছাড়া বিশ্বের বাকি সব বড় দলের বিপক্ষেই আমার খেলা হয়েছে, তাই এই কারণেও ম্যাচটি দারুণ হবে। আমরা এটাকে একটি বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবেই দেখছি এবং সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করব।’
