বসুন্ধরা কিংস ছেড়ে নতুন ঠিকানায় কিউবা মিচেল

ফন্ট সাইজ:

বসুন্ধরা কিংসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার অবসান ঘটিয়ে নতুন গন্তব্য খুঁজে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল। কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলে দেশ ছাড়া এই ফুটবলার এবার নাম লেখালেন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে। বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা কিউবা তিক্ত অভিজ্ঞতা নিয়ে জন্মভূমি ইংল্যান্ডে ফেরত যান। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিংসের সঙ্গে সম্পর্ক ছেদের পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন কিউবা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এই নতুন যাত্রার কথা নিশ্চিত করেন এই মিডফিল্ডার। ইংল্যান্ডের সাউদার্ন লীগ প্রিমিয়ার ডিভিশন সাউথে (সপ্তম স্তর) খেলা গ্লুস্টার সিটি বর্তমানে দারুণ ফর্মে আছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এই ক্লাবটি এবার দলে ভিড়িয়েছে কিউবাকে। এই মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নিজের নতুন ক্লাব নিয়ে কিউবা বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। আমি এখন নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই। আমি নিজেকে একজন সৃজনশীল মিডফিল্ডার হিসেবে দেখি, যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে দলের প্রয়োজনে রক্ষণাত্মক ভূমিকা পালনেও আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত।
মাঠে নামার জন্য আমি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সান্ডারল্যান্ডের যুব দলে বেড়ে ওঠা কিউবা মিচেল গত বছরের জুলাইয়ে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে বসুন্ধরা কিংসে নাম লেখান। জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবাকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু কিংসের জার্সিতে অধিকাংশ সময় ডাগআউটে বসেই তাকে কাটাতে হয়েছে। তবে মাঠের বাইরে সমস্যা ছিল আরও গভীর। কিউবার দাবি, ক্লাব থেকে তিনি নিয়মিত পারিশ্রমিক পাননি। এই অভিযোগ তুলেই গত ৩রা জানুয়ারি কিংসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে ইংল্যান্ডে পাড়ি জমান কিউবা।
গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিউবার। সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট মাঠে ছিলেন। পরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়েও দলের অংশ হন কিউবা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন